আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আরবিএস ও ইডিপিবিষয়ক সভা
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘ঝুঁকিভিত্তিক তদারকি (আরবিএস) প্রত্যাশা ও ব্যাংকের প্রস্তুতি’ শীর্ষক একটি সচেতনতামূলক সভা এবং নির্বাহী উন্নয়ন কর্মসূচি (ইডিপি) অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক চালুকৃত আরবিএস কাঠামো সম্পর্কে কর্মকর্তাদের মধ্যে সচেতনতা তৈরি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। এ সময় আরো উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাফাত উল্লা খান। এ সময় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্টের (এসপিসিডি) পরিচালক মোহাম্মদ আব্দুর রব এবং অতিরিক্ত পরিচালক শিরাজুম মুনিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ব্যাংকের স্থিতিশীলতার জন্য সুশাসন ও সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সব কর্মকর্তা, বিশেষত শাখা ব্যবস্থাপকদের ঝুঁকিভিত্তিক তদারকির মূলনীতিগুলো আত্মস্থ করে ক্ষেত্র পর্যায়ে সেগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, ‘প্রচলিত লেনদেনভিত্তিক কার্যক্রম থেকে ঝুঁকিভিত্তিক তদারকি একটি ভবিষ্যৎমুখী পদ্ধতি, যা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা তুলে ধরে।’ নতুন তদারকি কাঠামোর সঙ্গে সমন্বয় সাধনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি জানান, ব্যাংক এরই মধ্যে অর্গানোগ্রাম পুনর্বিন্যাস ও ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা হালনাগাদ করেছে।
অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া ২২৬ জন শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি সভায় অংশ নেন।


