শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারিতে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানি

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারিতে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সাবসিডিয়ারি এমক্যাশ লিমিটেডে ২৪৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বি১০০ হোল্ডিংস এলএলসি।

প্রতিষ্ঠানটিকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে ব্যাংকটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, এ বিনিয়োগের মাধ্যমে এমক্যাশের পরিশোধিত মূলধন ধাপে ধাপে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হবে। এতে ইসলামী ব্যাংকের ন্যূনতম ৫১ শতাংশ অর্থাৎ ২৫৫ কোটি টাকার মালিকানা থাকবে। অন্যদিকে বি১০০ হোল্ডিংস এলএলসি সর্বোচ্চ ৪৮ দশমিক ৯৯৯ শতাংশ বা প্রায় ২৪৫ কোটি টাকার ইকুইটি অংশীদারত্ব বজায় রাখবে। বিনিয়োগটি কার্যকর করার আগে এমক্যাশ লিমিটেডের পর্ষদের অনুমোদনসহ প্রযোজ্য অন্যান্য আইনগত ও নিয়ন্ত্রক শর্ত পূরণ করতে হবে।

ইসলামী ব্যাংক জানিয়েছে, প্রস্তাবিত এ কৌশলগত বিনিয়োগ এমক্যাশের মূলধনভিত্তি শক্তিশালী করবে এবং এমএফএস প্লাটফর্মের আওতায় ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণে ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক কোম্পানি বি১০০ হোল্ডিংস এলএলসি আর্থিক সেবা ও ফিনটেক, রফতানিমুখী উৎপাদন, শিক্ষা অবকাঠামো ও মানবসম্পদ খাতে বিনিয়োগ করে। প্রাতিষ্ঠানিক মূলধন, সুশাসন কাঠামো ও কার্যক্রমগত উৎকর্ষ নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশের ১০০টি বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠানকে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে সহায়তা করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৬৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৬ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৫ টাকা ২৪ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ২১ পয়সায়।

ইসলামী ব্যাংকের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫ হাজার ৫৩১ কোটি ৭৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮। এর দশমিক ১৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭৫ দশমিক শূন্য ৬, বিদেশী বিনিয়োগকারী ১৭ দশমিক ৯১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: