নাটোরে দু'টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের বাগাতিপাড়ায় দু'টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৯ অক্টোবর) সকাল এগারোটার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক শামসুল আলম এর নেতৃত্বে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় সাগর কসমেটিক্সকে ৪৫ ধারা মোতাবেক দুই হাজার টাকা ও মিশ্রিপাড়া দি নিউ ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অপরাধে ওই ২ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪৫ ধারা মোতাবেক মোট বার হাজার টাকা জরিমানা করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।
এ সময় সহকারী পরিচালক শামসুল আলম জানান, প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার প্রত্যেকটি এলাকায় অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসাবে আজ শনিবার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেন বাগাতিপাড়া থানার পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম।


