শিরোনাম

South east bank ad

৬৫দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে যাচ্ছেন জেলেরা

 প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ মিরাজ হোসাইন (দৌলতখান):

সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। সাগরে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা উঠে গেছে গত ২৩ জুলাই মধ্যরাতে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে মাছ শিকারে নামবেন ভোলার দৌলতখানের জেলেরা। তাই জাল ও ফিশিংবোটসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। মাছ ধরাকে কেন্দ্র করেই কর্মব্যস্ত হয়ে পড়েছেন দৌলতখানের সাড়ে ১১ হাজার সমুদ্রগামী জেলে। এতে সরগরম হয়ে উঠছে মাছঘাটগুলো। সাগরে ইলিশ শিকার করে গত ২ মাসের ধার-দেনা পরিশোধের পাশাপাশি ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী জেলেরা। দৌলতখানের বিভিন্ন ঘাটে জাল প্রস্তুতের পাশাপাশি ফিশিংবোট মেরামত করছেন জেলেরা। মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম এবং খাদ্য সামগ্রী ট্রলারে তুলছেন কেউ কেউ। অনেকে আবার নতুন জাল বোটে তুলছেন।

উপজেলার বিভিন্ন মাছঘাটে সরেজমিন গিয়ে দেখা গেছে, সারি সারি ফিশিংবোট ঘাটে নোঙ্গর দেওয়া। জেলেরা ওইসব ফিশিংবোটে জাল তুলছেন। কেউবা জাল বুনছেন। ইলিশ শিকারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তারা। দৌলতখানের পাতার খাল মাছঘাট এলাকার জেলে মোঃ সিরাজ জানায়,গত দুই মাস সাগরে মাছ শিকার বন্ধ ছিল, আমরা কেউ মাছ শিকারে যাইনি। ধার-দেনা করে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটিয়েছি। এখন নিষেধাজ্ঞা শেষ, তাই সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

ওই ঘাটের অপর জেলে বাবুল মাঝি জানান, তাদের ফিশিংবোটে ১৮ জন জেলে রয়েছে। সবাই মাছ শিকারে যেতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।

স্লুইসঘাট এলাকার জেলে কামাল বলেন, ‘১২ বছর বছর ধরে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞার মধ্যে আমরা সাগরে যাইনি। এতে আমাদের অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে। নিষেধাজ্ঞা উঠে গেলেও লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় দু-একদিন পর আমরা ট্রলার নিয়ে সাগরের উদ্দেশ্যে রওয়ানা করবো। আশা করি কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ মাছ পেলে গত ২ মাসের ক্ষতি পুষিয়ে নিতে পারবো।’

দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বিডি ফিন্যান্সিয়াল পত্রিকাকে বলেন, ‘সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ। এখন আর জেলেদের মাছ শিকারে যেতে বাধা নেই। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের চাল দেওয়া হয়েছিল।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: