বগুড়ায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক থাকা নাট্য অভিনেতা ও নাশকতার মামলায় পলাতক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ৪টি চেক প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর মামলায় সাজাপ্রাপ্ত নাট্য অভিনেতা জাকির হোসেন রুপক (৫৫)। তিনি শহরের সুত্রাপুর এলাকার মৃত মনোয়ার হোসেন এর ছেলে। ৪টি মামলায় ১০ বছর পলাতক ছিলেন তিনি।
এছাড়াও অর্থ আত্মসাৎ এর অপর এক মামলায় সাজাপ্রাপ্ত ও নাশকতা ভাঙচুর মামলাসহ ৮টি গ্রেপ্তার পরোয়ানা থাকা এরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাইসার মোর্তজা (৩২)। তিনি এরুলিয়া উত্তরপাড়া ছামছুদ্দীন মন্ডলের ছেলে।
সদর থানা পুলিশ শনিবার সন্ধ্যায় রূপককে তার ভাড়া বাসা ঢাকা পল্টন এলাকা থেকে ও কাইসারকে ফকিরাপুল তার অফিস থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা ও এসআই জাকির আল-আহসান জানান, নাট্য অভিনেতা রুপক শহরের মফিজ পাগলার মোড়ের একটি ফটো স্টুডিও ও একটি এনজিও থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান।
পরে মামলা করলে আদালত রুপমকে ৪টি মামলায় মোট সাড়ে ৪ বছর সাজা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অপরজন, এরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি। তিনি একটি মটরসাইকেলের শো-রুম থেকে বাকিতে মটরসাইকেল কিনে পরে টাকা পরিশোধ না করে পালিয়ে যান। এতে ওই মটরসাইকেল শো-রুমের মালিক তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা করলে আদালত তাকে ১বছরের সাজা দিয়ে গ্রেপ্তারি পয়োয়ানা জারি করেন। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতা ভাঙচুরসহ মোট ৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, গ্রেপ্তাকৃতরা দীর্ঘদিন পলাতক ছিল। তথ্য প্রযুক্তি সাহায্য আমরা তাদের গ্রেপ্তার করেছি। আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


