গোবিন্দগঞ্জ হোসিয়ারি ক্লাস্টারের উন্নয়নে এমটিবির ঋণ বিতরণ
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে উন্নয়নের অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জের হোসিয়ারি ক্লাস্টারে অর্থায়ন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় গোবিন্দগঞ্জ হোসিয়ারি ক্লাস্টারের উন্নয়নে এমটিবির এ ঋণ বিতরণ করা হয়েছে। ২০২২ সাল থেকে ব্যাংকটি এই ক্লাস্টারের উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবার ৫৮ জন উদ্যোক্তাকে ঋণ সুবিধা দেয়া হয়েছে। এ অর্থায়ন বাংলাদেশ ব্যাংকের ‘ক্লাস্টার ফাইন্যান্স পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় দেয়া হয়। এর মাধ্যমে শীতবস্ত্র উৎপাদনকারী ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যবসা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ উপলক্ষে গোবিন্দগঞ্জে একটি উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) চৌধুরী আখতার আসিফ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ (ব্যাংকিং বিভাগ) একেএম তারেক।


