শিরোনাম

South east bank ad

বিনামূল্যে চোখের চিকিৎসা পাবেন ৬০ হাজার শ্রমিক

 প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিনামূল্যে চোখের চিকিৎসা পাবেন ৬০ হাজার শ্রমিক

দেশের সুবিধাবঞ্চিত ৬০ হাজার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও চশমা দেয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ভিশনস্প্রিংয়ের সঙ্গে যৌথ অংশীদারত্বে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘অপরাজেয় আমি’-এর আওতায় চলতি বছর দেশের বিভিন্ন কারখানার শ্রমিকদের এ সেবা দেয়া হবে।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, ২০২৫ সালে এ উদ্যোগের আওতায় ৪৭ হাজারেরও বেশি মানুষের চোখ পরীক্ষা এবং প্রায় ১৫ হাজার মানুষকে চশমা দেয়া হয়। এদের মধ্যে চশমা পাওয়া প্রতি পাঁচজন সুবিধাভোগীর মধ্যে চারজনই জীবনে প্রথমবারের মতো চশমা ব্যবহার করেছেন, যার অর্থ দীর্ঘ সময় ধরে চোখের সমস্যা নিয়ে জীবনযাপন করছিলেন তারা। ধারণা না থাকায় চিকিৎসাসেবার বাইরেই রয়ে গিয়েছিলেন, যা ব্র্যাক ব্যাংকের এ মানবিক পদক্ষেপের মাধ্যমে দূর হয়েছে।

এ বছর ব্যাংকটি তাদের করপোরেট ও এসএমই গ্রাহকদের বিভিন্ন কারখানার শ্রমিকদের দৃষ্টিশক্তির সুরক্ষায় আরো জোর দেবে। তৈরি পোশাক ও উৎপাদন খাতের হাজার হাজার শ্রমিক এতে সরাসরি উপকৃত হবেন, যাদের সাধারণ চক্ষুসেবা পাওয়ার সুযোগ খুবই সীমিত।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘সুস্থ ও স্বাভাবিক দৃষ্টিশক্তি প্রতিটি মানুষেরই মৌলিক অধিকার। ‘অপরাজেয় আমি’ কর্মসূচির মাধ্যমে ব্র্যাক ব্যাংক এমন সব মানুষের কাছে পৌঁছেছে, যাদের আগে কখনো চোখ পরীক্ষার সুযোগই হয়নি। মাত্র এক জোড়া চশমা তাদের কর্মজীবন, উপার্জন এবং দৈনন্দিন জীবনে এক বিশাল ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ কর্মসূচিতে ব্র্যাক ব্যাংকের সহযোগী হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান ভিশনস্প্রিং। প্রতিষ্ঠানটি তার ‘ক্লিয়ার ভিশন ওয়ার্কপ্লেস’ কর্মসূচির মাধ্যমে সেই সব কর্মী ও জনগোষ্ঠীর কাছে চোখের পরীক্ষা এবং সাশ্রয়ী চশমা পৌঁছে দেয়, যাদের চক্ষুসেবার সুযোগ সীমিত।

উল্লেখ্য, ২০২৪ সালে যাত্রা শুরুর পর থেকে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় আমি’ কর্মসূচিটি দেশের অন্যতম করপোরেট নেতৃত্বাধীন চক্ষুসেবা উদ্যোগে পরিণত হয়েছে। এ একক উদ্যোগের আওতায় এ পর্যন্ত প্রায় ৬৪ হাজার মানুষকে চোখের চিকিৎসাসেবা দিয়েছে ব্যাংকটি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: